স্বপ্নে দেখেন পাঁচিলকাকু উড়ে যাচ্ছেন চাঁদে

মহাকাশযান ‘ডিসকোভারি’ বাঁধা যে তার কাঁধে।

ছেড়ে যাচ্ছেন সাত সমুদ্র নগর পাহাড় বন

নিচের থেকে হাসছে শালী পুলকিত মন।

 

শালী তো নয় গিন্নি, দেখেন উঁচিয়ে আছে ঝাঁটা

হায়রে মরণ ঘটলটা কি নড়ছে না যে পা’টা!

হঠাৎ দেখেন ডিসকোভারি ডিগবাজিটা খেয়ে

যাচ্ছে নেমে নিচের দিকে দারুণ বেগে ধেয়ে!

 

প্যারাসুটের বদল দেখেন ধরে আছেন ছাতা

ছাতা তো নয় বৌয়ের হাতে মস্ত বড় হাতা!

অন্ধকারে নিজের সাথেই হাতাহাতি যুদ্ধ

চৌকি থেকে লাফিয়ে পড়েন মশারিটা সুদ্ধ।

 

ইলাস্ট্রেশনঃ রজতবরণ চক্রবর্তী  


Powerd by Manchitro Publishers, 2010 Copyright © All Rights Reserved.


ভাষানটেকের হাছান শেখের

একটা বড় দোষ,

যাকে দেখে তাকেই বলে

একটুখানি বোস।

 

গাছ-গাছালির শেকড় এনে

বলবে এসব চোষ,

দেখবি কেমন বুদ্ধি খোলে

মনটা হবে খোশ।

 

শেকড়ে যে রস থাকে, তার

জুড়ি মেলা ভার,

রসে আছে সব ভিটামিন

লাগবে না আহার।

 

সবাই বলে: ও ভাই হাছান

ছেড়ে দিয়ে একটু বাঁচান!

 

শেকড়-বাকড় চুষে চুষে

জীবনটা অতিষ্ট,

কিন্তু হাছান অটল-অনড়

ভীষণ একনিষ্ঠ।

 

অবশেষে পুলিশ এসে

পুরলো তাকে জেলে,

জেলেও সে পসরা সাজায়

শেকড়-বাকড় মেলে।



Powerd by Manchitro Publishers, 2010 Copyright © All Rights Reserved.


আমি যদি হতাম নদী

সাগর দেখে আসতাম

চাঁদ হলে ওই নীল আকাশে

হাসি মুখে ভাসতাম।

মেঘ হলে যে খরার দেশে

ধান পাটে জল ঢালতাম

প্রদীপ হলে আঁধার ঘরের

কোণে আলো জ্বালতাম।

যদি আমি শস্য হতাম

সোনা হয়ে ফলতাম।

আগুন হলে অত্যাচারীর

শরীর জুড়ে জ্বলতাম

কিন্তু যদি ক্ষেপনাস্ত্র

হতেই আমি পারতাম,

বিশ্বে যারা যুদ্ধ আনে

তাদের আগে মারতাম।




Powerd by Manchitro Publishers, 2010 Copyright © All Rights Reserved.

home
Editor : Probir Bikash Sarker
probirsrkr06@gmail.com